সংবাদ প্রতিবেদন
জলঙ্গী নিউজের খবরের পর নড়েচড়ে বনদপ্তর, কাটা হলো ঝুঁকিপূর্ণ গাছের ডাল
নিজস্ব সংবাদদাতা, জলঙ্গী:
মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্লভেরপাড়া এলাকায় জাতীয় সড়ক NH-312-এর ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় নেমে থাকা একটি গাঙ্গরুল গাছের মোটা ডাল নিয়ে জলঙ্গী নিউজে সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ বনদপ্তর।
সংবাদ প্রকাশের পাশাপাশি জলঙ্গী নিউজ-এর পক্ষ থেকে বিষয়টি বনদপ্তরের নজরে আনা হয়। এরপর বহরমপুর সাউথ রেঞ্জের রেঞ্জ অফিসার শুভ্রশঙ্কর দত্ত-এর নির্দেশে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঝুঁকিপূর্ণ গাছের ডালটি কেটে অপসারণ করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে নিচু হয়ে থাকা ওই ডালটির কারণে জাতীয় সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। বড় যানবাহন ডালে আটকে গিয়ে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা ছিল। পাশাপাশি দুর্লভেরপাড়া প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের বসতবাড়ির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন এলাকাবাসী।
গাছের ডাল অপসারণের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় মানুষ। তাঁরা বনদপ্তরের দ্রুত পদক্ষেপের প্রশংসা করার পাশাপাশি জনস্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য জলঙ্গী নিউজের সক্রিয় ভূমিকাকেও সাধুবাদ জানিয়েছেন।
স্থানীয়দের আশা, ভবিষ্যতেও এভাবেই জনস্বার্থে বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে প্রশাসন ও সংবাদমাধ্যমের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।
